অপরাধমুক্ত সমাজ গড়তে পুলিশ-জনতার ঐক্যবদ্ধ উদ্যোগের আহ্বান,যুবসমাজের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ । কুষ্টিয়ার দৌলতপুরে মাদক,সন্ত্রাস,চাঁদাবাজি ও সামাজিক অপরাধ প্রতিরোধে পুলিশ-জনতার সমন্বিত উদ্যোগ জোরদার করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।রোববার (৮ নভেম্বর) বিকেল ৪টার দিকে উপজেলার বৈরাগীর চর বাজারে দৌলতপুর থানা পুলিশের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় মাদক ও সন্ত্রাস নির্মূল,চাঁদাবাজি প্রতিরোধ,বাল্যবিবাহ বন্ধ,ইভটিজিং,কিশোর অপরাধ নিয়ন্ত্রণ, নারী-শিশু,বয়স্ক ও প্রতিবন্ধীদের প্রতি সহিংসতা রোধ,চুরি-ডাকাতি,ছিনতাই,আত্মহত্যা এবং গুজব প্রতিরোধসহ বিভিন্ন সামাজিক অপরাধ ও জনসচেতনতামূলক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।সভায় উপস্থিত ছিলেন ভেড়ামারা অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার মো.দেলোয়ার হোসেন,দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.খালেদুর রহমান,ওসি (তদন্ত) এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ।
বক্তারা বলেন,মাদক,সন্ত্রাস ও অপরাধমুক্ত সমাজ প্রতিষ্ঠা শুধু পুলিশের একার দায়িত্ব নয়,এ ক্ষেত্রে জনপ্রতিনিধি,সামাজিক নেতৃত্ব,অভিভাবক,যুবসমাজ ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।অপরাধের তথ্য দ্রুত পুলিশকে জানানো এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির মাধ্যমে একটি নিরাপদ,শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।এ সময় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা,অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ও জনগণের মধ্যে পারস্পরিক আস্থা,সহযোগিতা ও যোগাযোগ আরও জোরদারের আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে শিশু-কিশোর ও যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ বিনোদন এবং খেলাধুলায় উৎসাহিত করতে ফুটবলসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।সভায় উঠে আসে একটি গুরুত্বপূর্ণ বার্তা-মাদক নয়,খেলাধুলা,সন্ত্রাস নয়,শান্তি; অপরাধ নয়,সামাজিক সম্প্রীতি।পুলিশ-জনতার সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠুক নিরাপদ দৌলতপুর।