
শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আসাদুল হাবিব দুলু বলেন, বিএনপি সরকার একটি ভঙ্গুর অর্থনীতির মধ্যে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছে। নানা সীমাবদ্ধতা ও চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার জনগণের দুর্ভোগ কমাতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের বিভিন্ন এলাকায় সংশ্লিষ্ট ব্যক্তিরা দিনরাত পরিশ্রম করছেন, যাতে সাধারণ মানুষ সরকারি উদ্যোগের সুফল পেতে পারেন।
সরকারের সামাজিক ও অর্থনৈতিক কর্মসূচি তুলে ধরে ত্রাণমন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড চালুর অন্যতম উদ্দেশ্য হলো মানুষের আর্থিক সক্ষমতা তৈরি করা। এসব উদ্যোগের মাধ্যমে সাধারণ পরিবার ও কৃষকদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে উদ্যোক্তা সৃষ্টি এবং নতুন কর্মসংস্থান গড়ে তোলার মাধ্যমে মানুষের আয় বাড়ানোর লক্ষ্যেও সরকার কাজ করছে।
তিনি বলেন, শুধু আর্থিক সহায়তা প্রদান করলেই মানুষের জীবনমানের স্থায়ী পরিবর্তন সম্ভব নয়। মানুষের নিজের পায়ে দাঁড়ানোর সক্ষমতা তৈরি করাও জরুরি। এ কারণে কর্মসংস্থান সৃষ্টি, উদ্যোক্তা তৈরি এবং আয়বর্ধক কর্মকাণ্ডে মানুষকে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
অনুষ্ঠানে স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে মন্ত্রী বলেন, শিশু-কিশোরদের শৈশব থেকেই শৃঙ্খলা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধের শিক্ষা দেওয়া প্রয়োজন। স্কাউটিংয়ের মাধ্যমে একজন শিশু নিয়মতান্ত্রিক জীবনযাপন, নেতৃত্বের গুণাবলি এবং মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা অর্জন করতে পারে।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে স্কাউটিং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শৈশব থেকেই যারা শৃঙ্খলার মধ্যে বেড়ে উঠবে, তারা ভবিষ্যতে নিজেদের পাশাপাশি সমাজকেও ইতিবাচক পথে এগিয়ে নিতে সক্ষম হবে। একই সঙ্গে সামাজিক অনিয়ম ও বৈষম্যের বিরুদ্ধে সচেতন নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে।
ত্রাণমন্ত্রী মনে করেন, একটি সুস্থ, সচেতন ও দায়িত্বশীল প্রজন্ম গড়ে তুলতে শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলোরও ভূমিকা রয়েছে। স্কাউটিংয়ের মতো কার্যক্রম শিশু-কিশোরদের পড়াশোনার বাইরেও বাস্তব জীবনের নানা বিষয়ে অভিজ্ঞ করে তোলে।
অনুষ্ঠানে ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য মির্জা ফয়সল আমীন, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, জেলা প্রশাসক রফিকুল হক এবং রাষ্ট্রপতির এপিএস আব্দুল আউয়ালসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
তৃতীয় আঞ্চলিক কাব ক্যাম্পুরির উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে শিশু-কিশোরদের মধ্যে স্কাউটিংয়ের চর্চা, শৃঙ্খলাবোধ এবং সামাজিক দায়িত্ব পালনের মানসিকতা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।