কুষ্টিয়ায় সন্ত্রাসবিরোধী আইনে আপন দুই ভাইকে গ্রেফতার করেছে ইবি থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন, কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ী ইউনিয়নের নলকোলা গ্রামের মৃত ইউসুফ বিশ্বাসের পুত্র মোঃ জুলফিকার আলী পল্টু (৫৭) এবং মোঃ সাইফুল ইসলাম লাল্টু (৫৬)। বুধবার দিবাগত গভীর রাতে তাদেরকে নিজ নিজ বাড়ী থেকে গ্রেফতার করা হয়। পরে তাঁদের আদালতে পাঠানো হলে তাদের জেলা হাজতে প্রেরণ করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, জুলফিকার আলী পল্টু স্থানীয় নলকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তাঁর বিরুদ্ধে অতীতে একাধিক হত্যা ও ডাকাতি মামলা ছিল বলেও স্থানীয়রা দাবি করেছেন। এলাকাবাসীর অভিযোগ, দুই ভাইয়ের বিরুদ্ধে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি, চাঁদাবাজি ও ডাকাতির সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
স্থানীয় সূত্রে আরও জানা যায়, ২০০৩ সালের দিকে সন্ত্রাসকবলিত পাটিকাবাড়ী ইউনিয়নে ‘জমির বাহিনী’ নামে একটি সশস্ত্র বাহিনীর উত্থান ঘটে। অভিযোগ রয়েছে, ওই বাহিনী অপহরণ করে চাঁদা আদায়, নলকোলা স্টিল ব্রিজ এলাকায় ডাকাতি, সড়কের গাছ কেটে নেওয়াসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিল। স্থানীয়দের দাবি, জুলফিকার আলী পল্টু ওই বাহিনীর সেকেন্ড ইন কমান্ড হিসেবে দায়িত্ব পালন করতেন। তবে এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
পুলিশের আদালতে দাখিল করা প্রতিবেদন সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত মো. জুলফিকার আলী পল্টু ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য এবং সাইফুল ইসলাম সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক।
মামলার এজাহার ও পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়, গত ৮ আগস্ট রাত আনুমানিক ৮টা ১০ মিনিটে ইবি থানাধীন গোস্বামী দুর্গাপুর ইউনিয়নের করিম গ্রামে নাসেরের বটতলা-সংলগ্ন একটি বধ্যভূমির সামনে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মী সমবেত হন। এ সময় এজাহারনামীয় এক নম্বর আসামি লাল্টু রহমানের নেতৃত্বে কয়েকজন বধ্যভূমির ভেতরে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দেন এবং মোমবাতি প্রজ্বালন করেন। তাঁরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান দেন। পাশাপাশি কর্মসূচির ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বলে পুলিশি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিষয়টি জানতে পেরে পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে। পরে ৮ আগস্ট রাত ৮টা ৩৫ মিনিটের দিকে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে অবস্থানরত ব্যক্তিরা পালিয়ে যান। এ সময় জুলফিকার আলী ও সাইফুল ইসলামসহ এজাহারনামীয় এবং অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কার্যক্রমকে সমর্থন, সহযোগিতা, গতিশীল ও উৎসাহিত করার উদ্দেশ্যে তাঁরা একত্রিত হয়েছিলেন। তাঁদের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান ও মিছিলের মাধ্যমে দলীয় কার্যক্রম পরিচালনা এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের অভিযোগ আনা হয়েছে। তদন্তে গ্রেপ্তার দুই ব্যক্তির দলটির সক্রিয় সদস্য হওয়ার তথ্য পাওয়া গেছে বলেও পুলিশ আদালতে দাখিল করা প্রতিবেদনে উল্লেখ করেছে।
এ ঘটনায় কুষ্টিয়ার ইবি থানায় গত ১৩ আগস্ট সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯-এর ৮, ৯, ১০, ১২ ও ১৩ ধারায় মামলা নম্বর ১১ দায়ের করেন এসআই মো. আব্দুল খালেক। মামলার তদন্ত কর্মকর্তা ইন্সপেক্টর (নিরস্ত্র) মো. আছের আলী গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠিয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাঁদের কারাগারে আটক রাখার আবেদন জানিয়েছেন।
গ্রেফতারের বিষয়ে জানতে চাইলে ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মামুনুর রশিদ বলেন, সন্ত্রাসবিরোধী আইনে তাদের গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।